কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মো. বাহাদুর মিয়া (৩৫) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ থানার কাঞ্চননগর এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়া। এর পর থেকে তিনি নগরীর আকবরশাহ এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি বাহাদুরকে গাজীপুরের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা।
মতামত দিন