Views Bangladesh Logo

শরীয়তপুরে বিএনপি-আ. লীগের সংঘর্ষ: নিহত বেড়ে ২

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন শরীয়তপুরের ইব্রাহিম সিপাই, অন্যজন মাদারীপুরের শিবচরের নিজাম মৃধা। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) ভোরে জাজিরার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলা এ ঘটনায় ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবর্ষণ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম সিপাই শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার বাসিন্দা। তিনি যুবলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন। অন্যদিকে, নিজাম মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনিও স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। দুই পক্ষের মধ্যে বাধা দেওয়া নিয়ে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে রূপ নেয়।

একপর্যায়ে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, সেখানে বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। নাওডোবা গোলচত্বরের ফুড এক্সপ্রেস রেস্তোরাঁ এবং পাশের একটি খাবারের দোকানেও আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের দৃশ্য দেখা গেছে।

অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দুই পাশে যানবাহন আটকে পড়ে। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে গেলে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া মোটরসাইকেল সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, পদ্মা সেতু এলাকায় যান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশ রাতভর দায়িত্ব পালন করেছে। সকালে ককটেল বিস্ফোরণের পর কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ