Views Bangladesh Logo

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ৩৪ জন: স্বাস্থ্য মন্ত্রণালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির অবসান করেছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৪ জন প্রাণ হারিয়েছেন। ১১২ জন আহতের মধ্যে ৭৮ জন এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২৭ জুলাই) মন্ত্রণালয় জানায়, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃতদের প্রাথমিক তালিকায় ‘অসঙ্গতি’ ছিল। ২৪ জুলাইয়ের ওই তালিকায় ১৫ জন নিহতের কথা বলা হলেও ২৭ জুলাইয়ের সংশোধিত তালিকায় ১৪ জন উল্লেখ করা হয়েছে। এই অসঙ্গতি ফরেনসিক বিশ্লেষণ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষার কারণেই দেখা দেয়।

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তকারীরা জানান, দুর্ঘটনার পর ১৫টি মরদেহের ব্যাগ পাওয়া গেলেও সবগুলোতে আলাদা আলাদা মরদেহ ছিল না। কয়েকটিতে আংশিক বা খণ্ডিত দেহাবশেষ ছিল। ফলে নিহতদের সঠিক সংখ্যা নির্ধারণে উন্নত ফরেনসিক পরীক্ষার প্রয়োজন হয়।

২১ জুলাই দুর্ঘটনার দিনই সিএমএইচ জানায়, তাদের পাওয়া মরদেহগুলোর মধ্যে তুরাগ থানা পুলিশ ১১ জনের সম্পূর্ণ ও দুজনের আংশিক দেহাবশেষ এবং পাঁচটি খণ্ডিত অঙ্গ শনাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে নয়জন, ২১ জুলাই আটজন এবং ২২ জুলাই একজনের মরদেহ বলে শনাক্ত করা হয়। ফলে ১৮ জনের মরদেহ থাকার ধারণা করা হয়েছিল সেখানে।

সিআইডির ফরেনসিক দল পরে জানতে পারে, পাঁচটি ছিন্নভিন্ন অংশ সম্বলিত বডি ব্যাগটি দুই নিহত শিক্ষার্থী লামিয়া আক্তার সোনিয়া ও আফসানা আক্তার প্রিয়ার। ভুল করে ধারণা করা হয়েছিল, সেগুলো পাঁচজনের। ফলে আরও তিনজন কমে সিএমএইচে নিহতদের প্রাথমিক তালিকায় ১৫ জনের কথা জানানো হয়।

আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর সিএমএইচ নিশ্চিত করে, সম্পূর্ণ নয়জন ছাড়াও পৃথকভাবে থাকা মরদেহের সংখ্যা পাঁচটি। ফলে সিএমএইচে মৃত ১৪ জনসহ নথিভুক্ত অন্য মরদেহ মিলে মোট নিশ্চিত নিহত এখন ৩৪ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাতির শোকের সময় ফরেনসিক বিজ্ঞান শোকাহত পরিবারগুলোকে স্পষ্টতা এবং কর্তৃপক্ষকে সঠিক প্রতিবেদন উপস্থাপনে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ