মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বুধবার (২৩ জুলাই) ভোররাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নয় বছর বয়সী এক দগ্ধ শিশুর মৃত্যু হলে এই সংখ্যা আরও বাড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১২টা ৪৫ মিনিটে শিশুটি মারা যায়। বর্তমানে গুরুতর দগ্ধ অবস্থায় আরও অনেকেই চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে অন্তত ১২ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
মৃত্যুর সর্বশেষ তথ্য যৌথভাবে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত আইএসপিআর জানিয়েছিল ৩১ জনের মৃত্যু এবং ১৬৫ জনের আহত হওয়ার কথা। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।
তবে মৃত্যুর সংখ্যা নিয়ে সরকারি সংস্থা, হাসপাতাল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর রহমান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য বিভ্রান্তির কথা স্বীকার করেন।
এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে আইএসপিআর ২০ জনের মৃত্যু নিশ্চিত করে। রাত ১০টা ৩০ মিনিটে এবং মধ্যরাতে আরও দু’জনের মৃত্যুর তথ্য দেয় বার্ন ইনস্টিটিউট।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) একটি হালনাগাদ তালিকা প্রকাশ করে, যাতে ২৭ জনের মৃত্যুর কথা বলা হয়। তাদের মধ্যে ২৩ জনই শিশু। ২০টি মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, আর ৬টি অজ্ঞাত পরিচয় দেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে রাখা আছে।
বিমানটির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ তার নিজ জেলা রাজশাহীতে দাফন করা হয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম মঙ্গলবার সাংবাদিকদের জানান, মৃতের সংখ্যা ২৯ জনে পৌঁছেছে। তবে বুধবার সকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।
এদিকে দুর্ঘটনার তদন্ত কাজ চলছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে