Views Bangladesh Logo

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান নয়জন। পরে হাসপাতালে নেওয়ার পর এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও পাঁচজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ও প্রশাসন।

পুলিশের তথ্য অনুযায়ী, বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস প্রাথমিকভাবে ধারণা করেন, ভোরে চালকের ঘুম ঘুম ভাব দুর্ঘটনার কারণ হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে প্রশাসন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ