মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে মৃতের সংখ্যা বেড়ে ৫
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ বুধবার (৩ জুন) উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের বাসিন্দা দুলা মিয়া (৪৫) নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুলা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে কেউ বাড়িতে আবার কেউ হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন।
এ ঘটনার পরপরই কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) নিজ বাড়িতে মারা যান। এরপর একে একে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলী (৪৫), সাজু মিয়া (৫৫), এরশাদ আলী (৪০) এবং সর্বশেষ দুলা মিয়ার মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু জাফর জানান, বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনার পর এলাকায় জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ ও ঝুঁকিপূর্ণ মাদকজাতীয় পানীয় সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সতর্ক করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অবৈধ মদ বিক্রির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মতামত দিন