কেরাণীগঞ্জে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬
ঢাকার কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা ২ মিনিটে সর্বশেষ মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টা ১১ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর নিয়ন্ত্রণকক্ষে পৌঁছায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রথমে ঘটনাস্থল থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতের দিকে আরও একটি মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জন হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় বা তারা নারী না পুরুষ—তা শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে