Views Bangladesh Logo

‘সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

‘সর্বহারা’ পরিচয়ে ফোন করে হত্যার হুমকি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচ শিক্ষকের কাছে চাঁদা দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

হুমকির শিকার শিক্ষকেরা হলেন—ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন এবং সহযোগী অধ্যাপক কৌশিক সরকার।

নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেনের কাছে ফোন করে কারাগারে থাকা কয়েকজন কর্মীর জামিনের খরচের কথা বলে টাকা দাবি করা হয়।

অধ্যাপক শাহরিয়ার গণমাধ্যমকে জানান, তাঁর কাছে দুইবার ফোন আসে। ব্যস্ত থাকায় প্রথমবার ফোন ধরতে পারেননি। প্রায় দুই ঘণ্টা পর আবার ফোন করে দীর্ঘ সময় কথা বলা হয়। এ সময় তিনি কত টাকা দিতে পারবেন, তা জানতে চাওয়া হয়।

ফোন দেওয়া ব্যক্তি নিজেকে সিরাজ শিকদারের ছোট ভাই পরিচয় দেন। একপর্যায়ে অধ্যাপক শাহরিয়ারকে তিনি বলেন, ‘আপনার মাথায় তো আর রিভলবার ধরি নাই। দাদা ফোন করবে, টাকা ম্যানেজ করে রাখবেন।’

পরে নিরাপত্তা চেয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অধ্যাপক শাহরিয়ার। ফোন পাওয়ার পরপরই বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও জানান। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান তাঁকে জানান, সম্প্রতি রাবির আরও কয়েকজন শিক্ষকও একই ধরনের ফোন পেয়েছেন।

অধ্যাপক শাহরিয়ার জানান, পরে পুলিশ নম্বরটি ট্র্যাক করে জানতে পারে, কলটি মাদারীপুর থেকে করা হয়েছে। ব্যবহৃত সিমটি মুফতি রেজাউল করিমের নামে নিবন্ধিত বলে পুলিশ জানতে পারে।

ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন জানান, তাঁকেও ফোন করে ‘সর্বহারা’ পরিচয় দেওয়া হয়েছিল। তিনি কথা না বাড়িয়ে ফোন কেটে দেন। পরে জানতে পারেন, বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক একই ধরনের ফোন পেয়েছেন।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন বলেন, অভিযোগের পর জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুতই এর সমাধান হবে বলে আশা করছেন তাঁরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ