রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ শাস্তি চাওয়া হবে: আইনমন্ত্রী
শিশু রামিসা হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) চাওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, মামলার প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আদালতে যুক্তি উপস্থাপন করবে।
তিনি বলেন, আমাদের কাছে থাকা প্রমাণের ভিত্তিতে আমরা আশা করি আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, সংবিধান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে কমিটি বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি চেয়েছে এবং তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
মাদককে সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং কোনোভাবেই এটি সহ্য করা হবে না।
এছাড়া তিনি সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি জানান, সারা দেশে ৪ কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কিছু এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে, যা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের জন্য সরকারি ভাতার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে