জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদরাসাছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় আলম মন্ডল (৫৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবদুর রহমান এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রিনাত ফেরদৌস রিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ত। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে মাদরাসা থেকে ফিরে নিজ বাড়িতে পোশাক পরিবর্তনের সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল তাকে ধর্ষণ করেন বলে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ওই বছরের ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
মতামত দিন