নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীকে হত্যা ও স্বর্ণালংকার লুটের মামলায় রুবেল মিয়া (৩৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে।
আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক আসামির উপস্থিতিতেই রায় ঘোষণা করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২২ জানুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় সাফিয়া বেগম নামে এক নারীকে হত্যা করেন রুবেল মিয়া। হত্যাকাণ্ডের পর তিনি নিহতের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত রুবেল মিয়াকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।
মতামত দিন