Views Bangladesh Logo

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফশিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদেরকে আজ বিকেলের মধ্যেই তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে। শেষ দিন হওয়ায় নির্বাচন কমিশন কার্যালয়ে সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড় ও ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদে সাধারণ আসনে দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতিক হারে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়েছে। এই বণ্টন অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি আসন, জামায়াতে ইসলামী ও তাদের ১১ দলীয় জোট ১৩টি আসন এবং স্বতন্ত্র জোট একটি আসন পেয়েছে।

দলীয় সূত্রমতে, বিএনপি তাদের ৩৬ জন প্রার্থীর তালিকা সোমবার বিকেলের মধ্যেই চূড়ান্ত করে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের শরীক দলগুলোও ১৩ জন প্রার্থীর তালিকা সম্পন্ন করেছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৫০টি আসনের বিপরীতে এখন পর্যন্ত মোট ৪৬৪ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ইতোমধ্যেই সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আন্না মিনজ ও নিপুণ রায় চৌধুরীর মতো অন্তত পাঁচজন হেভিওয়েট প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফশিল অনুযায়ী, আগামীকাল ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যার শুনানি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। প্রয়োজন সাপেক্ষে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষিত আসনে রাজনৈতিক দলগুলো তাদের বরাদ্দকৃত আসনের জন্য সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়। ফলে প্রত্যাহারের সময়সীমা শেষে কোনো আসনে একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। তবে কোনো আসনে একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করে বিজয়ী নির্বাচিত করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ