যুবকদের জন্য সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসিদের
দেশের প্রতিরক্ষা কার্যক্রমে যুক্ত করার লক্ষ্যে যুবকদের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়িারি) ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের অধিবেশনে এই প্রস্তাব দেন ডিসিরা। অধিবেশন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ সাংবাদিকদের বলেন, ডিসিরা বেসামরিক ও সামরিক প্রশাসনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন তুলেন। তারা জানতে চান, বিভাগীয় পর্যায়ে বেসামরিক কর্মকর্তাদের সামরিক ওরিয়েন্টেশন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করা যেতে পারে কি না।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাফিজ আরও বলেন, ডিসিরা আরও জানতে চান, যুবকদের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে কি না, যাতে তারা সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে দেশের প্রতিরক্ষা কার্যক্রমে অবদান রাখতে পারে।
অধিবেশনে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের বিষয়টিও উঠে আসে। ডিসিরা প্রত্যন্ত ও চরাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সুপারিশ করেন। এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী কীভাবে দেশের নদীগুলোর সম্পদ রক্ষায়, বিশেষ করে জাটকা সংরক্ষণ অভিযানে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।
পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাসী কার্যক্রমের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আবদুল হাফিজ। তিনি জানান, এসব কার্যক্রম কয়েকটি জেলায় পর্যটন শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, ফলে স্থানীয় যুবকদের মধ্যে বেকারত্ব বেড়েছে এবং তারা সন্ত্রাসের পথে ধাবিত হচ্ছে।
এই সমস্যার সমাধানের উপায় কী হতে পারে, সেই বিষয়ে জানতে চান ডিসিরা।
এ ছাড়াও চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে আবদুল হাফিজ বলেন, এখন পর্যন্ত লুট হওয়া প্রায় ৬,০০০ অস্ত্রের মধ্যে তিন-চতুর্থাংশ উদ্ধার করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এখনো ২,৫০,০০০ গুলি উদ্ধার করা বাকি। তিনি আশ্বাস দেন যে, চলমান অভিযানের মাধ্যমে বাকি অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হবে।
নরসিংদীর চরাঞ্চলে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি বলেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে চলমান অভিযানে এখন পর্যন্ত সাতজন সেনাসদস্য নিহত এবং অনেকে আহত হয়েছেন। এই গোষ্ঠী সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে