জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে ডিসিদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৯ মার্চ) দেশের সকল জেলা প্রশাসককে (ডিসি) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে জ্বালানি তেলের অবৈধ মজুত, নির্ধারিত মূলের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ ও পাচাররোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সূত্রোয় পত্রে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে জেলা প্রশাসকদেরকে বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম ও তদারকি জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বাণিজ্যমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় যে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। সেই বক্তব্যের রেশ ধরেই মাঠ পর্যায়ে তদারকি নিশ্চিত করতে এই প্রশাসনিক নির্দেশনা জারি করা হলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে