Views Bangladesh Logo

আইন ও সংবিধান মেনে জনগণের সেবা দেয়া ছাড়া ডিসিদের কোনো কাজ নেই: আইন উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

জেলা প্রশাসকদের (ডিসি) আইন ও সংবিধান অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আইন, নীতিমালা ও সংবিধানে যা আছে, সেটি মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেয়া ছাড়া জেলা প্রশাসকদের আর কোনো কাজই নেই।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দেশের মেধাবী মানুষেরা জেলা প্রশাসক হিসেবে কাজ করেন বা প্রশাসনে আসেন। রাষ্ট্রের এত বড় একটি রিসোর্সকে গত ফ্যাসিস্ট সরকার জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। জেলা প্রশাসকদের সঙ্গে কথাবার্তায় আমার মনে হয়েছে, তাদের যদি ইতিবাচকভাবে কাজে লাগানো হয়, জনগণকে সেবা করার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য ও শিক্ষাসেবা প্রদান করার জন্য এবং সেই সক্ষমতাও তাদের আছে। কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না।

আইন উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক, কোনো দিন যেন প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনাময় শক্তি রয়েছে, এটিকে যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে, সংবিধান অনুযায়ী জনগণের সেবা করার কাজে যেন লাগানো হয়। এটাই আমার প্রত্যাশা থাকবে।’

এ ছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘এখানে ফর্মুলার ব্যাপার নেই। আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে, সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের (ডিসি) আর কোনো কাজই নাই। সুতরাং আমাদের শুধু একটা কথাই যে আপনি আইন অনুযায়ী চলেন, বিবেক মতো চলেন। তাদের যে জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটি সম্পূর্ণ আইন ও সংবিধান লঙ্ঘন করে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ