Views Bangladesh Logo

উৎসে কর মনিটরিংয়ে হয়রানি না নয়, ডিসিসিআই’র আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

উৎসে কর কর্তন ও জমা সংক্রান্ত মনিটরিং এবং যাচাইকরণ কার্যক্রম আরও জোরদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে এই কার্যক্রম পরিচালনার সময় নিয়মিত কর পরিপালনকারী (কমপ্লায়েন্ট) ব্যবসাপ্রতিষ্ঠান যেন অযথা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারার আওতায় উৎসে কর কর্তন, জমা, মনিটরিং ও যাচাইকরণ কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশের রাজস্ব আহরণ বাড়বে এবং করজাল সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।

তবে সংগঠনটির মতে, এ উদ্যোগ বাস্তবায়নের সময় ইতোমধ্যে কর-অনুগত প্রতিষ্ঠানগুলোর ওপর অপ্রয়োজনীয় চাপ বা হয়রানি সৃষ্টি করা উচিত নয়। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান এখনও পুরোপুরি কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারেনি, তাদের প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দিয়ে আইন মেনে চলার সুযোগ করে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

ডিসিসিআই মনে করে, সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন এবং কর ব্যবস্থাকে আরও কার্যকর করতে অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। এতে কর প্রশাসনের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে, পাশাপাশি ব্যবসায়ীদের অযাচিত ভোগান্তিও কমবে।

সংগঠনটি আরও বলেছে, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা—দুই লক্ষ্যই একসঙ্গে অর্জন করা সম্ভব। এজন্য এনবিআর ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের কর-অনুগত করতে সরকার ও বেসরকারি খাতকে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছে ডিসিসিআই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ