‘ট্যাক্স গাইড ২০২৩-২৪’ প্রকাশ করেছে ঢাকা চেম্বার
‘ট্যাক্স গাইড ২০২৩-২৪’ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বুধবার (২৭ ডিসেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. ইকবাল হোসেন ট্যাক্স গাইড উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী এবং সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনে আলী সহ পরিচালনা পর্ষদের সদস্যরা ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, গত দুই দশকের বেশি সময় ধরে ঢাকা চেম্বার তার সদস্যদের আয়কর, ভ্যাট, কাস্টমস আইনের পরিবর্তন সম্পর্কে অবহিত করার জন্য ডিসিসিআই ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে। সম্প্রতি জারিকৃত ‘আয়কর আইন ২০২৩-এর আলোকে এবারের ট্যাক্স গাইডে আয়কর অংশের পরিবর্তন করা হয়েছে, যা ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আয়কর রির্টান, আপীল ও কর সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সহজে ও সাবলীলভাবে সম্পন্নে সহায়ক হবে।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ডের গতিধারা অব্যাহত রাখতে জিডিপিতে করের অবদান বৃদ্ধির উপর জোরারোপ করতে হবে। সেই সাথে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে করজাল সম্প্রসারণ, রাজস্ব প্রদানের প্রক্রিয়ার পুরোপুরি অটোমেশন নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট নীতিমালার সহজীকরণ ও সংষ্কারের উপর জোরারোপ করেন ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ।
তিনি জানান, ডিসিসিআইর সদস্যবৃন্দের মাঝে প্রকাশিত ট্যাক্স গাইডটি বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়া অন্যান্যরা নির্ধারিত ফি’র মাধ্যমে চেম্বার সচিবালয় হতে ক্রয় করতে পারবেন।
এনবিআরের সদস্য (কর আপীল ও অব্যাহতি) মো. ইকবাল হোসেন বলেন, ঢাকা চেম্বার নিয়মিতভাবে ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে, যা আয়কর প্রদানকারীদেরকে বিশেষ সহযোগিতা প্রদান করে। এ ধরনের উদ্যোগের জন্য তিনি ডিসিসিআইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, আয়কর একটি জটিল বিষয়, দেশের করাদাতাদের সুবিধার্থে আয়কর আইন ২০২৩ বাংলায় প্রণয়ন করা হয়েছে। যা ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তিশ্রেণির করদাতাদের কর প্রদান প্রক্রিয়া বোঝতে সহায়তা করবে। প্রনীত আইনটি ব্যবহারের করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হলে, তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করার আহ্বান জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে