অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক
বাংলাদেশের অতিরিক্ত পররাষ্ট্র সচিব মিজ ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।
বুধবার (২৯ জুলাই) এক শোকবার্তায় ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বাংলাদেশের কূটনীতিতে তাঁর অবদান এবং কূটনৈতিক ক্যারিয়ারজুড়ে দেশের স্বার্থ রক্ষায় তাঁর নিবেদিত ভূমিকার কথা স্মরণ করেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান ফেরদৌসি শাহরিয়ার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ফেরদৌসি শাহরিয়ার। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটনসহ বিদেশে বাংলাদেশের বেশ কয়েকটি মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
মৃত্যুকালে স্বামী, তিন সন্তান ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।
তাঁর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মতামত দিন