ডিসি সম্মেলন শুরু রোববার: আলোচনায় থাকছে ৪৯৮ প্রস্তাব
আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে পাঠানো ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, দেশের ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪টি জেলার ডিসিদের কাছ থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ৪৯৮টি প্রস্তাব সম্মেলনের মূল আলোচ্যসূচিতে (এজেন্ডা) অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যে প্রস্তাবগুলো আলোচ্যসূচিতে স্থান পায়নি, সেগুলো হয় আগের সম্মেলনগুলোতে আলোচনা করা হয়েছে অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের আপত্তির কারণে বাতিল করা হয়েছে। আগামী বুধবার (৬ মে) পর্যন্ত চলবে এই সম্মেলন।
সম্মেলনের প্রথম দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিদের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সম্মেলনের সমাপনী অধিবেশনও।
সম্মেলনের অংশ হিসেবে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদে এটিই প্রথম জেলা প্রশাসক সম্মেলন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে