ডিসি সম্মেলনে থাকছে না রাষ্ট্রপতির অধিবেশন: মন্ত্রিপরিষদ সচিব
রোববার থেকে শুরু হতে যাওয়া জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে কোনো অধিবেশন থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডিসি সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সময় মেলাতে না পারায় এ বছর রাষ্ট্রপতির সাথে কোনো অধিবেশন থাকছে না।’
আগামী রোববার থেকে শুরু হচ্ছে এ বছরের ডিসি সম্মেলন। এটি চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘এ বছর জেলা প্রশাসক সম্মেলনে চারটি বিশেষ ও ৩০টি কার্যঅধিবেশন থাকবে। অংশগ্রহণকারী মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা ৫৬টি। কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত ১ হাজার ২৪৫টি প্রস্তাবের ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
জেলা প্রশাসকদের কাছ থেকে আসা প্রস্তাবের বিষদ তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এমপিওভুক্তি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে যা আয় হয়, তা কিভাবে ব্যয় হয় জানা যায়না বেশিরভাগ ক্ষেত্রে। তার হিসেব রাখার প্রস্তাব করেছেন একজন জেলা প্রশাসক। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বডিক্যামেরা রাখা, মরণাস্ত্র ও ছররা গুলি না রাখার প্রস্তাব আছে। সার্কিট হাউজে গুরুত্বপূর্ণ অতিথি থাকলে কেপিআই হিসেবে ঘোষণার প্রস্তাব আছে। পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়ম দূর করতে জেলা প্রশাসক কার্যালয় থেকে একজনকে রাখার প্রস্তাব আছে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৪ সালের জেলা প্রশাসক সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ৩৮১টি সিদ্ধান্তের মধ্যে ১৭৭টি বাস্তবায়ন হয়েছে ও ২০৪টি বাস্তবায়নাধীন রয়েছে। বাস্তবায়নের হার ৪৬ শতাংশ।
এ বছরের সম্মেলনে প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা, দারিদ্র বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ দূষণ রোধ ও উন্নয়নমূলক কার্যক্রম সমন্বয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে