এমপি নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা ডিবিতে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, মামলায় আসামি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
এর আগে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছিলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় এটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের কার্যক্রমও ডিবি পরিচালনা করবে।
গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর এলাকার সংসদ সদস্যদের আবাসস্থল ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত জুনে ইসলামী শরিয়াহ অনুযায়ী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় এ বিয়ে হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম ও প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে থাকতেন বলে মামলায় বলা হয়।
মরিয়ম বিভিন্ন সময়ে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন, বিয়ের পর থেকেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন—এমন অভিযোগ করা হয়েছে মামলায়।
এজাহারে আরও বলা হয়, ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গাজী নজরুল ইসলাম মরিয়মের বাবাকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি অনেক লোকজন দেখতে পান। পরে একটি কক্ষে মরিয়মকে ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। শেরেবাংলা নগর থানার পুলিশের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। এ সময় বিছানার ওপর মরিয়মের লেখা একাধিক চিরকুট পাওয়া যায় বলেও মামলায় বলা হয়েছে।
মামলার বাদীর অভিযোগ, আসামিদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং তাদের প্ররোচনায় মরিয়ম আত্মহত্যা করেছেন।
মামলা হওয়ার পর সোমবার দুপুরে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে আদালতে হাজির করা হয়। তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
এর আগে গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। ওই ঘটনার পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ার কথা জানিয়ে দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।
মতামত দিন