Views Bangladesh Logo

ধীরে ধীরে বাড়বে দিনের তাপমাত্রা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের উত্তরের জনপদসহ মোট ১০টি জেলায় বেড়েছে শীতের প্রকোপ। তবে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই তাপমাত্রা রাতের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কুয়াশাচ্ছন্ন অবস্থা না থাকায় আকাশ স্বচ্ছ থাকবে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঢাকায় এখন স্বাভাবিকভাবেই রাতের তাপমাত্রা কিছুটা কম থাকায় শীত অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। খুব শিগগিরই আবার ঘন কুয়াশার সম্ভাবনাও নেই। তাই দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। এটি ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকার জন্য প্রযোজ্য। তবে দেশের উত্তরের জনপদসহ, ময়মনসিংহ ও সিলেটের কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এছাড়া এই অবস্থা শেষে সামান্য বিরতি দিয়ে পরবর্তী সময়ে আরও একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।’

অপরদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে আকাশ পরিষ্কার থাকবে। আর দিনের তাপমাত্রাও হালকা বাড়তে পারে। আর এ সময়ের মধ্যে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেসময় আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত হয়নি বলেও জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ