Views Bangladesh Logo

ভোটের পরদিন নীরব ঢাকা, নেই বিজয় উল্লাস

জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরদিন রাজধানী ঢাকায় চোখে পড়েনি বিজয় মিছিল বা উল্লাসের দৃশ্য। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ও মোড়গুলো ছিল অনেকটাই নীরব।

সকাল থেকে রাজধানীর মতিঝিল, পল্টন, শাহবাগ, ফার্মগেট ও ধানমন্ডি এলাকায় ঘুরে দেখা গেছে, নির্বাচনী ফলাফল প্রকাশ শুরু হলেও কোথাও বড় আকারের আনন্দ মিছিল বা সমর্থকদের জড়ো হওয়ার চিত্র নেই। কয়েকটি স্থানে ছোট পরিসরে দলীয় কর্মীদের উপস্থিতি দেখা গেলেও তা ছিল সীমিত।

সাধারণত জাতীয় নির্বাচনের পর বিজয়ী দলের নেতাকর্মীরা মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা কিংবা মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করেন। তবে এবার সেই চেনা চিত্র অনুপস্থিত। রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ছিল তুলনামূলক কম ভিড়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি।

অতীতে নির্বাচন ও ফলাফল ঘিরে রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটলেও এবার তেমন ঘটনা ঘটেনি। অনেকটা শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ সম্পন্ন হয়েছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয় অর্জন করায় দলের চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কোনো ধরনের বিজয় মিছিল বা সভা-সমাবেশ করতেও নিষেধ করেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল।

কর্মসূচির বিষয়ে বলা হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বাদ জুমা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে কোথাও কোনো বিজয় মিছিল ও সভা-সমাবেশ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন তিনি।

সে অনুযায়ী, বিএনপি সারাদেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান করেছে। সভা-সমাবেশ ও বিজয় মিছিল উদযাপন থেকে বিরত থেকেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন পেয়ে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের মিত্রদল। জামায়াতে ইসলামী ও তাদের মিত্রদল ৭৭ আসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ