কিংবদন্তি কান্ট্রি সংগীতশিল্পী অ্যালান কোর প্রয়াণ
কান্ট্রি সংগীতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত শিল্পী ডেভিড অ্যালান কো ৮৬ বছর বয়সে মারা গেছেন। 'রোলিং স্টোন'-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার তার মৃত্যু হয়।
১৯৩৯ সালে যুক্তরাষ্ট্রের ওহিওতে জন্ম নেওয়া এই শিল্পী সত্তরের দশকে কান্ট্রি সংগীতের প্রচলিত ধারার বাইরে 'বিদ্রোহী ধারা'র মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। বিশেষত 'দ্য রাইড', 'ইউ নেভার ইভেন কলড মি বাই মাই নেম' এবং 'মোনা লিসা লস্ট হার স্মাইল'-এর মতো গানগুলো তাকে সংগীতের ইতিহাসে স্থায়ী আসন করে দিয়েছে।
তার কর্মজীবন শুরু হয়েছিল ষাটের দশকে ন্যাশভিলে অন্য শিল্পীদের জন্য গান লেখার মধ্য দিয়ে। ১৯৭৩ সালে তানিয়া টকারের কণ্ঠে তার লেখা 'উড ইউ লে উইথ মি' গানটি কান্ট্রি তালিকার শীর্ষে উঠলে গীতিকার হিসেবে তিনি প্রথম আলোচনায় আসেন। এরপর কলাম্বিয়া রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং ১৯৭৪ সালে প্রথম স্টুডিও অ্যালবাম 'দ্য মিস্টেরিয়াস রাইনস্টোন কাউবয়' প্রকাশিত হয়। ১৯৭৫ সালে আসে 'ওয়ান আপন আ রাইম'। এ ছাড়া তার লেখা 'টেক দিস জব অ্যান্ড শভ ইট' গানটি জনি পেচেকের কণ্ঠে ১৯৭৭ সালে ব্যাপক জনপ্রিয়তা পায়।
তবে সাফল্যের পাশাপাশি তার কর্মজীবন ছিল বিতর্কে ঘেরা। সত্তরের দশকের শেষ এবং আশির দশকের শুরুতে প্রকাশিত দুটি অ্যালবামে বর্ণবাদী ও নারীবিদ্বেষী ভাষার ব্যবহারের কারণে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন।
জীবনের শেষ দিকেও বিতর্ক পিছু ছাড়েনি। ২০১৫ সালে কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে তিন বছরের প্রবেশন এবং কর কর্তৃপক্ষকে প্রায় ১০ লাখ ডলার পরিশোধের দণ্ড ভোগ করতে হয় তাকে।
অসাধারণ সংগীত প্রতিভা এবং বিতর্কিত ব্যক্তিজীবন—উভয় দিক থেকেই সংগীতের ইতিহাসে এক জটিল অধ্যায় হয়ে থাকবেন ডেভিড অ্যালান কো। সূত্র: ভ্যারাইটি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে