দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: দুজনের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাসটি নদীতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, বিকেল পাঁচটার কিছু পর ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে এসে পৌঁছায়। এ সময় একটি ফেরি ছেড়ে যাওয়ায় বাসটি পরবর্তী ফেরির অপেক্ষায় ছিল। পরে ‘হাসনা হেনা’ নামে একটি ছোট ফেরি এসে পন্টুনে সজোরে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
তিনি আরও বলেন, বাসটিতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। কয়েকজন যাত্রী সাঁতরে ওপরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কার্যক্রম জোরদারের প্রস্তুতি চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে