হামুনের প্রভাবে পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত
পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কক্সবাজার ও মংলার জন্য যথাক্রমে ছয় নম্বর ও পাঁচ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কারণ আগামীকাল সকাল থেকে দুপুর নাগাদ প্রবল ঘূর্ণিঝড় হামুন ভোলার কাছে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১০ নম্বর বুলেটিনে বলা হয়েছে, উপকূলীয় জেলা বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
এ ছাড়াও প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ভারী (৪৪-৮৮ মিমি) থেকে খুব ভারী (৮৯ বা তার বেশি) পর্যন্ত দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে