নাচ-গান করায় নারীর মরদেহ দাফনে বাধা, কয়েক ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে সমাধান
চুয়াডাঙ্গায় নাচ-গান ও টিকটক করার জেরে সুবর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে রাতেই তার দাফন সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের একাংশের আপত্তির মুখে কয়েক ঘণ্টা দাফন কার্যক্রম বন্ধ থাকে। পরে রাত ১০টার দিকে জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুবর্ণার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ নিজ এলাকায় আনা হলে দাফন নিয়ে বিরোধ দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, সুবর্ণা দীর্ঘদিন ধরে নাচ-গান ও টিকটকের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে নাচতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় সমালোচনা ছিল। এছাড়া তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এলাকাবাসীর একটি অংশ স্থানীয় কবরস্থানে দাফনের বিরোধিতা করে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুবর্ণার সৎ-বাবা ইসরাইল হোসেন। তিনি বলেন, আমাদের পরিবারের আগের সদস্যদেরও এখানে দাফন করা হয়েছে। কিন্তু এবার কবর খুঁড়তে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে।
পরে পুলিশ, প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা শেষে পরিস্থিতির সমাধান হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পরে দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক তথ্য অনুযায়ী, সুবর্ণার প্রথম স্বামীর সঙ্গে সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রায় ছয় বছর আগে দাম্পত্য কলহের জেরে তিনি নতুন করে সংসার শুরু করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে