নওগাঁয় এক কেন্দ্রের ৫৯ ভুয়া পরীক্ষার্থী আটক
নওগাঁর সাপাহারে একটি পরীক্ষাকেন্দ্র থেকে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাপাহার সরফতুল্লাহ ফাযিল মাদরাসা এ ঘটনাটি ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ সাপাহার সরফতুল্লাহ কেন্দ্রের ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী আরবি-২য় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকালে আকস্মিক ওই কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর এডমিট কার্ডের সঙ্গে ছবির মিল না থাকায় ৫৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে ১৫ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী।
এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ভুয়া প্রমাণিত হওয়ায় কক্ষ পরিদর্শকরা ৫৯ জনকে বহিষ্কার করেছেন। তাই নতুন করে তাদের দণ্ড দেওয়ার সুযোগ ছিল না। এজন্য প্রত্যেককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, প্রক্সিকাণ্ডে জড়িত ৫৯ জন ৮টি প্রতিষ্ঠানের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। এর মধ্যে তিনটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে