Views Bangladesh Logo

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করা হবে। মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্যখাতে ঘোষিত লক্ষ্য পূরণ সম্ভব হবে।

তিনি বলেন, যারা আমাদের ভোট দিয়েছে তাদের প্রতি যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান দায় রয়েছে। প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করব।

সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া জেলার ২৫০ শয্যা হাসপাতালসহ যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখনো পুরোপুরি চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকালে মন্ত্রী নিজ বাড়িতে পৌঁছালে প্রশাসন ও নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ