ঘূর্ণিঝড় হামুন: দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএর উপপরিচালক ও বরিশাল নদীবন্দরের কর্মকর্তা আবদুর রাজ্জাক।
বিআইডব্লিউটিএর উপপরিচালক আবদুর রাজ্জাক বলেন, বরিশাল বিভাগ বিশেষ করে বরিশাল ও ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবটা বেশি পড়তে পারে। এ জন্য বরিশাল-ভোলাসহ বিভাগে সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বিআইডব্লিউটিএ’র নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত ও বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। আর বৈরী আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে নির্দেশনার কোনো পরিবর্তন ঘটবে না। রাতে বরিশাল-থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল করবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে এরইমধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আজ ভোরে বরিশাল নগরীতে বৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকে। এরপর বৃষ্টি কমলেও সেখানে মেঘলা ও বৈরী আবহাওয়া বিরাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে