এপ্রিলে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা, তাপমাত্রা ছুঁতে পারে ৪১ ডিগ্রি
চলতি এপ্রিল মাসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মাসে বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, পাশাপাশি তীব্র কালবৈশাখী, শিলাবৃষ্টি ও তাপপ্রবাহ দেখা দিতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলজুড়ে দেশে কয়েক দফা ঝড়-বৃষ্টির ঘটনা ঘটতে পারে। অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি এবং ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
একই সঙ্গে এ মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ফলে উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে।
তাপমাত্রার ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। এপ্রিল মাসে ২ থেকে ৪টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
তবে এর মধ্যেই স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে এবং গড় সূর্যালোকের সময় থাকবে দৈনিক প্রায় ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা।
সামগ্রিকভাবে, আবহাওয়া অধিদপ্তর এপ্রিল মাসে ঝড়, তাপপ্রবাহ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে