ঘূর্ণিঝড় ফিনজালে ভারত ও শ্রীলঙ্কায় ১৯ জন নিহত
বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কা হয়ে ভারতের দক্ষিণ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ফিনজাল। দমকা বাতাসের আঘাতে ভারতে তিনজন ও শ্রীলঙ্কায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। ভারি বৃষ্টিপাতে বন্যায় প্লাবিত দুদেশেরই উপকূলীয় জনপদ।
রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করে শনিবার (৩০ নভেম্বর) ঘূর্ণিঝড় ফেঙ্গল আঘাত হানে ভারতে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাই এবং পুদুচেরি অঞ্চলের কিছু অংশ পানিবন্দি হয়ে পড়েছে। নৌকায় লোকদের উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী।
স্থানীয় গণমাধ্যমের ভিডিওচিত্রে দেখা গেছে, চেন্নাই ও পুদুচেরির রাস্তাগুলো ডুবে আছে। বৃষ্টিপাত কমে গেলে বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা চালান সেনা সদস্যরা।
ভারতীয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, চেন্নাই বিমানবন্দর থেকে ফ্লাইটগুলোর চলাচল সাময়িকভাবে স্থগিত ছিল, তবে রোববার (১ ডিসেম্বর) সকালে ফের শুরু হয়।
দেশটির আবহাওয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, গত ২৪ ঘণ্টায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে পুদুচেরি।
কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, শ্রীলঙ্কায় নিহত হয়েছেন ১৬ জন। ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত এক লাখ ৩৮ হাজার ৯৪৪ পরিবার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে