ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় দানা
ওড়িশার উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের কারণে সেখানে প্রচণ্ড বেগে বাতাস ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।
সংবাদমাধমের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতের পর ভিতরকানিকা ন্যাশনাল পার্ক এবং ধামরা অঞ্চলের মধ্যবর্তী স্থানে এটি আঘাত হানে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত (২৫ অক্টোবর) ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া চলতে থাকবে।
ওড়িশার ভদ্রক, কেন্দ্রপাড়া, বালেশ্বর ও পাশের জগৎসিংহপুর জেলায় বাতাসের গতি হঠাৎ করে বেড়ে গেছে।
রাজস্ব বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ত্রাণ কমিশনারের কার্যালয়ে গাছ উপড়ে পড়ার খবরও পাওয়া গেছে।
ভদ্রক জেলার বেশ কয়েকটি রাস্তা গাছ উপড়ে পড়ার কারণে বন্ধ হয়ে গেছে।
আইএমডি এক্সে (X) এক পোস্টে জানিয়েছে, এটি ২০.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৭.১° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি, পারাদ্বীপ থেকে প্রায় ৫০ কিমি উত্তর-পূর্ব এবং ধামরা থেকে প্রায় ৪০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে, যা পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ১৬০ কিমি দক্ষিণ-পশ্চিমে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে