Views Bangladesh Logo

দেশ ছাড়ার পরও পিছু ছাড়েনি সাইবার বুলিং, ছয় বছর ধরে ভুক্তভোগী মান্দানা করিমি

টানা ছয় বছরের বেশি সময় ধরে সাইবার বুলিং ও স্টকিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী মান্দানা করিমি। ভারত ছেড়ে দুবাইয়ে বসবাস শুরু করার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে দাবি তার। বরং অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে অনুসরণের পাশাপাশি তার বন্ধু, পরিচিতজন এবং পেশাগতভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও বিভিন্নভাবে হয়রানি করছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করা কয়েকটি ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী মান্দানা। তার ভাষ্য, ব্যবসায়ী গৌরব গুপ্তের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই এই হয়রানির শুরু। এরপর দীর্ঘ সময় ধরে অনলাইনে তাকে অনুসরণ, ব্যক্তিগত তথ্য ছড়ানোর চেষ্টা এবং বিভিন্ন ধরনের বিরক্তিকর বার্তার মুখোমুখি হতে হয়েছে।

মান্দানা জানান, বিষয়টি এখন আর শুধু তার ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ নেই। সম্প্রতি ছুটিতে থাকার সময়ও তার এক প্রযোজক ও কয়েকজন সহ-অভিনেতার সঙ্গে একটি অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে মান্দানাকে নিয়ে বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি তার নাম ব্যবহার করে অর্থ চাওয়ার অভিযোগও করেছেন তিনি।

অভিনেত্রীর দাবি, দুবাইয়ে চলে যাওয়ার পরও পরিচিতদের কাছে একই ধরনের ই-মেইল পাঠানো অব্যাহত রয়েছে। তার অভিযোগ, কেউ দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তার পেশাগত কাজ, আয় এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করছে। এ পরিস্থিতির কারণ এবং এর পেছনে কারা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

মান্দানা আরও জানান, কয়েক বছর আগে বিষয়টির রহস্য উদ্ঘাটনে নিজের উদ্যোগে অনুসন্ধান চালানোর চেষ্টা করেছিলেন। এ জন্য একজন ব্যক্তিকে ঘটনাটি খতিয়ে দেখার দায়িত্বও দিয়েছিলেন। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও হয়রানির পুরোপুরি অবসান হয়নি বলে জানিয়েছেন তিনি।

নতুন করে জীবন শুরু করার চেষ্টা করলেও অতীতের এই অভিজ্ঞতা এখনো তাকে মানসিকভাবে তাড়া করে বেড়াচ্ছে বলে জানান অভিনেত্রী। দীর্ঘদিন নীরব থাকার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে তুলে ধরে বিষয়টির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন মান্দানা করিমি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ