Views Bangladesh Logo

সাইবার সক্ষমতা ও দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে জোর দিতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম বলেছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে নতুন গতি আনতে হবে। তিনি গবেষণার ফলকে পেটেন্ট, ব্যবহারযোগ্য প্রযুক্তি ও দেশীয় পণ্যে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার (২০ জুলাই) রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পরিদর্শনের সময় প্রতিরক্ষা উপদেষ্টা এমআইএসটির সাইবার রেঞ্জ, গবেষণা কার্যক্রম, পেটেন্ট এবং প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কে অবহিত হন। তিনি সাইবার ঝুঁকি মোকাবিলা, দক্ষ জনবল তৈরি এবং দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে একটি দেশের নিরাপত্তা শুধু ভৌগোলিক সীমান্তে সীমাবদ্ধ নয়; তথ্য, যোগাযোগব্যবস্থা ও গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো সুরক্ষাও জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও দেশীয় প্রযুক্তি খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা এমআইএসটির আন্তর্জাতিক পুরস্কারজয়ী ‘মেট রোভ’ দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় এমআইএসটির এই দল।

শামছুল ইসলাম বলেন, গবেষণার সাফল্য শুধু প্রদর্শনীতে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবসম্মত প্রযুক্তি ও দেশীয় পণ্যে রূপ দিতে হবে। এতে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে, বৈদেশিক নির্ভরতা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি তরুণ উদ্ভাবকদের গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়ানোর পাশাপাশি জনকল্যাণ, দুর্যোগ মোকাবিলা, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতে গবেষণা আরও বিস্তৃত করার আহ্বান জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ