পাইলটের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় কোয়াবের উদ্বেগ
সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ঘটে যাওয়া ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি তাদের অবস্থান তুলে ধরে।
সংবাদ সম্মেলনের ওই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হলে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় কোয়াব। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে যে পরিবেশে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংযম এবং পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ—সেখানে এ ধরনের পরিস্থিতি দুঃখজনক।
কোয়াব মনে করে, ক্রিকেট–সংশ্লিষ্ট আলোচনায় মতপার্থক্য থাকা স্বাভাবিক বিষয়। তবে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রেও শালীনতা ও পেশাগত আচরণ বজায় রাখার ওপর জোর দিয়েছে তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, কঠিন প্রশ্ন বা মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তা প্রকাশ ও মোকাবিলার সময় সংযম, পারস্পরিক সম্মান এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব।
সংগঠনটি আরও উল্লেখ করেছে, ক্রিকেটের সঙ্গে জড়িত প্রত্যেক পক্ষের সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ। কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিক—সবার মর্যাদা রক্ষা করা প্রয়োজন বলেও জানানো হয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে কোয়াব আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবাই এ ঘটনা থেকে শিক্ষা নেবেন। বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনায় আরও দায়িত্বশীল ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছে তারা। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই দেশের ক্রিকেট এগিয়ে যাবে—এমনটাই বিশ্বাস সংগঠনটির।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে