নারী ও শিশু খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক: খুশি কবির
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী ও শিশু উন্নয়ন খাতে বরাদ্দ কমানোকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মানবাধিকার ও উন্নয়নকর্মী খুশি কবির।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, নারী-পুরুষ সমতা অর্জনের চলমান অগ্রগতি ধরে রাখতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে নারী উন্নয়ন খাতে ধারাবাহিক ও শক্তিশালী বরাদ্দ প্রয়োজন। বরাদ্দ কমে গেলে সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৩৭১ কোটি টাকা কমানো হয়েছে।
খুশি কবির বলেন, নারী উন্নয়নকে শুধু একটি পৃথক খাতে সীমাবদ্ধ না রেখে প্রতিটি খাতেই নারীর জন্য কী বরাদ্দ ও উদ্যোগ রয়েছে, তা স্পষ্টভাবে দেখা জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও অবকাঠামোসহ সব খাতে নারীর নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি বাজেটে প্রতিফলিত হওয়া উচিত।
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক ও পর্যাপ্ত অবকাঠামো না থাকলে নারীদের বাস্তব অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়, ফলে উন্নয়ন কার্যকর হয় না।
খুশি কবির বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই তাদের শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি প্রশ্ন তোলেন, কেন নারী খাতে বরাদ্দ কমানো হয়েছে এবং বিকল্পভাবে অন্যান্য খাতে নারীদের জন্য বিশেষ কর্মসূচি রাখা হয়েছে কি না।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজেটে নারী-বান্ধব দৃষ্টিভঙ্গি আরও জোরদার করা এবং প্রতিটি খাতে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

মতামত দিন