Views Bangladesh Logo

‘কাট’ বলার পরও থামেননি, সহ-অভিনেতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া বাপট ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে এক সহ-অভিনেতার মাধ্যমে যৌন হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি সিনেমার গানের দৃশ্য ধারণের সময় পরিচালক ‘কাট’ বলার পরও ওই অভিনেতা তাকে চুম্বন করতে থাকেন। ইন্ডাস্ট্রিতে নতুন থাকায় তখন তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে পারেননি।

প্রিয়া বলেন, সিনেমাটির চিত্রনাট্য পড়ার সময় থেকেই চুম্বনের দৃশ্যটি নিয়ে তার আপত্তি ছিল। তবে পরিচালকের অনুরোধে পেশাদার দায়িত্বের অংশ হিসেবে তিনি দৃশ্যটি করতে সম্মত হন। কিন্তু শুটিংয়ের সময় সহ-অভিনেতা পরিকল্পনার বাইরে গিয়ে অতিরিক্ত শারীরিক ঘনিষ্ঠতা তৈরি করেন।

অভিনেত্রীর অভিযোগ, শুধু শুটিং সেটেই নয়, ভোপালে আউটডোর শুটিং চলাকালে হোটেলে অবস্থানের সময়ও ওই অভিনেতা ফোন ও বার্তার মাধ্যমে তাকে বিভিন্ন কুপ্রস্তাব দেন এবং হেনস্তা করার চেষ্টা করেন।

পরিস্থিতি একপর্যায়ে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ালে তিনি বিষয়টি তার স্বামীকে জানান। পরে তার স্বামী সরাসরি শুটিং সেটে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন এবং অভিযুক্ত অভিনেতার আচরণে পরিবর্তন আসে।

প্রিয়া বাপট ২০০০ সালে ‘ডক্টর বাবাসাহেব আম্বেদকর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। পরে ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’ এবং ‘সিটি অব ড্রিমস’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।

বর্তমানে তিনি তার নতুন মনস্তাত্ত্বিক চলচ্চিত্র ‘ডালিম: দ্য মিথ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ