Views Bangladesh Logo

শাহজালালে বিমানবন্দরে নিষিদ্ধ ক্রিম, তরল সোনাসহ প্রায় ৩ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা পাঁচ দিনের ধারাবাহিক অভিযানে গোল্ড পেস্ট, বিপুলসংখ্যক দামি মোবাইল ফোন, বিদেশি মদ-সিগারেট, নিষিদ্ধ ক্রিম ও ওষুধসহ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানগুলোর তথ্য জানিয়ে শুক্রবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত বিবরণ তুলে ধরে সিআইআইডি।

সংস্থাটির দেওয়া তথ্যমতে, অভিযানের শেষ দিন ২১ আগস্ট দুবাই থেকে আসা 'ফ্লাইদুবাই'-এর (FZ501) এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন মডেলের আইফোন ও গুগল পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটনিং সিরাম এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। একই দিনে 'এমিরেটস' (EK582) ও 'কাতার এয়ারওয়েজ'-এর (QR640) দুটি পৃথক ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে আটক করা হয় বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট। এই চালানে উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগের দিন ২০ আগস্ট সকালে দুবাই ও বাহরাইন থেকে আসা তিনটি ভিন্ন ফ্লাইটের (EK582, BS342 ও GF250) তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজির বিপুল পরিমাণ নিষিদ্ধ গৌরি ক্রিম, ২৯.৪ কেজি ন্যান প্রো নিউট্রিশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিমজাতীয় ওষুধ উদ্ধার করেন কর্মকর্তারা। শুল্ক ও করসহ এসব পণ্যের মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিন বিকেলে 'বি-শিফটে' পরিচালিত অন্য এক যৌথ অভিযানে 'ইউএস-বাংলা' ও 'এমিরেটস'-এর তিনটি ফ্লাইট (BS346, BS316 ও EK586) থেকে আসা যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম এবং চার লিটার বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

অভিযানের অংশ হিসেবে ১৮ আগস্ট কলম্বো থেকে আসা 'শ্রীলঙ্কান এয়ারলাইন্স'-এর (UL189) এক যাত্রীর লাগেজ থেকে বিভিন্ন মডেলের দামি আইফোন, রেডমি ফোন এবং ২ হাজার ৪৮২ পিস দামি বিদেশি ওষুধ আটক করেন শুল্ক কর্মকর্তারা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২ হাজার টাকা।

চলমান অভিযানের সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে ১৭ আগস্ট। দুবাই থেকে আসা 'এমিরেটস'-এর (EK584) এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে প্রথমে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়। পরবর্তীতে তা ল্যাবে রাসায়নিক পরীক্ষা চালিয়ে ৪৬১ গ্রাম তরল স্বর্ণপিণ্ড এক্সট্র্যাক্ট করা হয়। পাশাপাশি একই চালান থেকে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে এই একক চালানে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য দাঁড়ায় ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সার্বিক হিসাব অনুযায়ী, গত ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে পরিচালিত এসব পৃথক অভিযানে সর্বমোট ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকার পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত যাত্রীদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ