Views Bangladesh Logo

রাতে নিখোঁজ কাস্টমস কর্মকর্তা, সকালে মিলল রক্তাক্ত মরদেহ

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন তিনি। গন্তব্যের কাছাকাছি পৌঁছে পরিবারের সঙ্গে শেষবার কথা বলেন। এরপরই তার মুঠোফোন বন্ধ হয়ে যায়। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হিল হোটেলের পাশ থেকে সকাল পৌনে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে পুলিশ। পরে বেলা একটার দিকে পরিবারের সদস্যরা হাইওয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ৪১তম বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগ পেয়ে তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে কুমিল্লার রাজাগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রেখে গেছেন ৯ মাস বয়সী একটি মেয়ে।

নিহতের মা নীলিমা বৈরাগী জানান, বুলেট তার একমাত্র সন্তান। রাত আড়াইটার দিকে পরিবারের সঙ্গে শেষ কথা হয় তাঁর। সে সময় তিনি পদুয়ার বাজার এলাকায় নেমে রাজাগঞ্জের বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন।

পরিবারের দাবি, রাত আড়াইটার পর তার ফোনে কয়েকবার অজ্ঞাত ব্যক্তিরা কথা বলে। এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ