ছিনতাই শেষে চলন্ত অটোরিকশা থেকে ফেলে কাস্টমস কর্মকর্তাকে হত্যা: র্যাব
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে ছিনতাইকারী চক্র জড়িত থাকার তথ্য দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটি জানায়, অস্ত্রের মুখে ছিনতাই শেষে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তার মৃত্যু হয়।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার রাতে চার সদস্যের একটি ছিনতাইকারী চক্র অটোরিকশা নিয়ে ওত পেতে ছিল। বুলেট বৈরাগী বাস থেকে নামলে চালক ও যাত্রীবেশে থাকা সদস্যরা তাকে অটোরিকশায় তুলে নেয়। পরে অস্ত্রের মুখে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন—মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও সুজন। তাদের সবাই পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে সংস্থাটি। সুজনের কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে রাতের বেলায় দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে সিএনজি বা অটোরিকশায় তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত।
তদন্তে জানা গেছে, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে বুলেট বৈরাগী জাগরঝুলি এলাকায় বাস থেকে নামেন। এরপর ছিনতাইকারীরা তাকে অটোরিকশায় তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছালে তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়।
র্যাব জানায়, ধারালো অস্ত্রের আঘাত এবং পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। পুলিশও জানিয়েছে, তার মাথার পেছনে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।
৩৫ বছর বয়সী বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে ফিরছিলেন।
এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা। র্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে