Views Bangladesh Logo

রাঙামাটিতে ডিজেল কিনতে গিয়ে ক্রেতাদের মধ্যে মারামারি

রাঙামাটি শহরে ফিলিং স্টেশনে ডিজেল কিনতে গিয়ে দুই পক্ষের ক্রেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত মেসার্স এম এম পেট্রোলিয়াম এজেন্সি নামের একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোতল হাতে ডিজেল কিনতে আসা পাঁচ থেকে ছয়জন ক্রেতার মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং কয়েকজনকে একে অপরকে কিল–ঘুষি মারতে দেখা যায়। এতে উপস্থিত অন্য ক্রেতাদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ফিলিং স্টেশনে গত সোম ও মঙ্গলবার জ্বালানি না থাকায় বিক্রি বন্ধ ছিল। বুধবার নতুন করে জ্বালানি সরবরাহ আসার পর বিক্রি শুরু হলে খবর পেয়ে বিকেলে সেখানে গ্রাহকদের ভিড় জমে।

ঘটনার প্রত্যক্ষদর্শী তপন দেওয়ান জানান, তিনি অকটেন কিনতে ফিলিং স্টেশনে গিয়েছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি ডিজেল কিনতে আসা কয়েকজনের মধ্যে তর্কাতর্কি শুরু হতে দেখেন। পরে তা মারামারিতে রূপ নেয়। লাইনে দাঁড়ানো নিয়েই ঘটনার সূত্রপাত বলে তিনি জানতে পেরেছেন।

ফিলিং স্টেশনের কর্মচারী রিপন চাকমা বলেন, দুদিন পর গতকাল স্টেশনে প্রায় সাড়ে চার হাজার লিটার অকটেন ও চার হাজার লিটার ডিজেল আসে। এ খবরে অনেক গ্রাহক ভিড় করেন। এ সময় কয়েকজন ক্রেতা হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১১টা পর্যন্ত জ্বালানি বিক্রি হলেও বর্তমানে স্টেশনটিতে আর অকটেন বা ডিজেল নেই।

এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম বলেন, লাইনে দাঁড়ানো নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

এদিকে রাঙামাটি শহরের চারটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল বিক্রি হলেও আজ দুপুর পর্যন্ত কোথাও জ্বালানি পাওয়া যায়নি। জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেল ও নৌযানের চালকেরা বিপাকে পড়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ