Views Bangladesh Logo

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের গ্রাহকদের জন্য অর্থ উত্তোলনের সুবিধা আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসা নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সুবিধাটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য প্রযোজ্য। আগে ঘোষিত স্কিমে কেবল ব্যক্তিগত চিকিৎসার জন্য অর্থ তোলার সুযোগ ছিল। সংশোধিত নীতিমালায় মা–বাবা, স্বামী–স্ত্রী, ছেলে–মেয়ে ও ভাই–বোনের চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি পারিবারিক প্রয়োজনেও অর্থ উত্তোলনের সুযোগ যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অনেক গ্রাহকের চিকিৎসার বাইরেও আকস্মিক আর্থিক প্রয়োজন দেখা দেয়। সেই বাস্তবতা বিবেচনায় আমানত ফেরত দেওয়ার স্কিমে এই পরিবর্তন আনা হয়েছে, যাতে গ্রাহকেরা প্রয়োজনের সময় দ্রুত অর্থ ব্যবহার করতে পারেন।

গত বছর সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে সরকার। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া আমানত বিমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে দুই লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধ কর্মসূচিও চলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮ লাখ ২২ হাজার আমানতকারীকে ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩ লাখ ৫০ হাজার গ্রাহক পেয়েছেন প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে একীভূত পাঁচ ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর বিপরীতে জামানতের পরিমাণ ৪৭ হাজার ৯০০ কোটি টাকা, যা মোট ঋণের ২৪ দশমিক ৫৬ শতাংশ। বর্তমানে এসব ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট ঋণের ৮৭ দশমিক ৪৩ শতাংশ।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ