Views Bangladesh Logo

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ঢাকার উত্তরার একটি শুটিং হাউসে আয়োজিত হলো জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর টিমের সংবাদ সম্মেলন। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ৪৬টি পর্ব। এবার ধারাবাহিকটি শেষের পালা। গতকাল শেষ হলো ৫২তম ও শেষ পর্বের শুটিং। এদিন নির্মাতা ও শিল্পীরা একত্রিত হয়ে ভাগ করে নিলেন কাজের অভিজ্ঞতা, দর্শকের ভালোবাসা এবং শেষ পর্ব ঘিরে প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটকটির নির্মাতা মুহাম্মদ মোস্তাফা কামাল রাজ। তিনি জানান, এই ধারাবাহিকটি সমসাময়িক সমাজের সম্পর্ক, টানাপোড়েন, ভালোবাসা ও বাস্তব জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত। শুরু থেকেই দর্শকের ইতিবাচক সাড়া পুরো টিমকে শেষ পর্যন্ত একই মান ধরে রাখতে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, খাইরুল বাশার, কেয়া পায়েল, সুনেরাহ, মনিরা মিঠু, ডিকন নূর, মুকিত জাকারিয়া, স্নেহা, নাদের চৌধুরী, এমএনইউ রাজু ও ইশরাত অতিথি। পাশাপাশি কণ্ঠশিল্পী আরেফিন রুমি ও দোলাও এই আয়োজনে অংশ নেন।

অভিনয়শিল্পীরা জানান, ‘এটা আমাদেরই গল্প’ শুধু একটি নাটক নয়, তাদের কাছে এটি একটি আবেগের জায়গা। দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে গিয়ে সবার মধ্যে পারিবারিক বন্ধন তৈরি হয়েছে। বিশেষ করে গল্পের বাস্তবধর্মী উপস্থাপন দর্শকদের নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে নিতে সাহায্য করেছে।

প্রচারের শুরু থেকেই পরিবারকেন্দ্রিক গল্প, সম্পর্কের জটিলতা এবং জীবনের ছোট ছোট মুহূর্তের সহজ উপস্থাপনের কারণে ধারাবাহিকটি দর্শকপ্রিয় হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটির বিভিন্ন দৃশ্য ও সংলাপ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
শেষ পর্ব প্রসঙ্গে নির্মাতা ইঙ্গিত দেন, দর্শকদের জন্য অপেক্ষা করছে আবেগঘন কিন্তু তৃপ্তিদায়ক একটি সমাপ্তি। তিনি আশা প্রকাশ করেন, পুরো যাত্রার মতো শেষটুকুও দর্শকদের মনে দাগ কাটবে।

‘এটা আমাদেরই গল্প’ তার নামের মতোই হয়ে উঠেছে অনেক দর্শকের নিজের জীবনের প্রতিফলন— আর সেই যাত্রারই পরিসমাপ্তি ঘটছে শেষ পর্বের শুটিং এর মধ্য দিয়ে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ