গোপালগঞ্জে কারফিউ তিন ঘণ্টা শিথিল, বাড়ছে যান চলাচল
গোপালগঞ্জে টানা কারফিউর মধ্যেও বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করায় কিছুটা স্বস্তি ফিরেছে শহরজুড়ে। এই সময়টায় রাস্তায় বেড়েছে যানবাহনের চলাচল, সঙ্গে বাড়তে দেখা গেছে সাধারণ মানুষের উপস্থিতিও। খোলা হয়েছে কিছু দোকানপাট, সীমিত পরিসরে চলছে বেচাকেনা।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে বুধবার রাতে শহরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে ঢাকায় মারা যান রমজান মুন্সি নামের আরেক ব্যক্তি। ঘটনার পর রাত ৮টা থেকে শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে প্রশাসন।
কারফিউ শিথিলের সময় শহরের বিভিন্ন সড়কে দেখা গেছে ব্যাটারিচালিত অটোরিকশা, মাহিন্দ্র, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে। জরুরি প্রয়োজনের তাগিদে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন। কিছু দোকান খুললেও বেশিরভাগ বাজার ও বিপণিবিতান এখনও বন্ধ রয়েছে।
চলমান পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন শহরের ব্যবসায়ীরা, বিশেষ করে দ্রুত পচনশীল পণ্যের বিক্রেতারা। ফল ও সবজির ব্যবসায়ীরা জানিয়েছেন, দোকান বন্ধ থাকায় পচে নষ্ট হচ্ছে মালামাল, ফলে গুনতে হচ্ছে বড় অঙ্কের ক্ষতি।
কারফিউ শিথিল থাকলেও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে নিয়মিত টহল। যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও জনমনে এখনও রয়ে গেছে আতঙ্কের ছাপ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে