ঢাকাসহ ৪ জেলায় ৩ দিনের জন্য ১১ ঘণ্টা কারফিউ শিথিল: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে রবি, সোম ও মঙ্গলবার সকাল ৭টা থেকে ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কারফিউ শিথিলের বিষয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে, সেজন্য আমরা আমাদের যে সান্ধ্য আইন- যাকে কারফিউ বলা হয়, সেটি আরেকটু শিথিল করতে চাচ্ছি।’
তিনি আরও বলেন, বাকি জেলাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে তাদের নিজ নিজ জেলায় কারফিউ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল রাখার ঘোষণা দেয় সরকার।
এ সময় নিরাপত্তার কারণ দেখিয়ে ডিবি হেফাজতে নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের ওপর নানা আঘাত আসতে পারে, তাই তারা লুকিয়ে ছিলেন বলে পরিবারকে জানিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন, সেজন্যই তাদেরকে নিরাপদ হেফাজতে নিয়ে এসেছি।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা এখানে এসে অনেকের নাম–ঠিকানা বলছেন, তাদের আন্দোলন ডাইভার্ট করে নেয়ার জন্য যারা উসকানি দিয়েছেন, তাদের কথা বলছেন। পুলিশ কর্মকর্তারা তাদের থেকে শুনছেন। তাদের নিরাপত্তার বিষয়টিও খেয়াল করছেন। যাদের নাম–ঠিকানা বলছেন, সেগুলো আমরা আমলে আনছি। আমরা মনে করছি, শিগগিরই এগুলোর সম্পর্কে জানতে পারবেন।
মতামত দিন