Views Bangladesh Logo

চৌদ্দগ্রামে মাইক্রোবাসে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন- ফেনী সদরের মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মামুন (৫০), তার শ্বাশুড়ি মাজেদা বেগম (৭০), ছেলে সাইমান (৫ মাস) ও মাইক্রোবাসচালক ফেনী সদরের মাষ্টার পাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)। আহত ও নিহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। সে সময় অঝোর ধারায় বৃষ্টি হওয়ায় একটি মাইক্রোবাস (ঢাকামেট্টো চ-১৩-৩৬৬২) নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস (ঢাকামেট্টো ব-১৫-১৯৩৩) ওই মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে শিশুসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং মাইক্রোবাসে থাকা মামুনের স্ত্রীসহ আরও ৫ জন আহত হন। 

পরে খবর পেয়ে ঘটলাস্থলে আসে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের সাথে নিয়ে তারা আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অন্যদিকে পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

এ বিষয়ে নিহত মামুনের ভাই হানিফ জানান, তার ভাই বন্যাকবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে ঢাকা থেকে দুই দিন আগে ফেনীতে আসেন। আজ সকালে স্ত্রী, সন্তান ও শ্বাশুড়িকে নিয়ে মাইক্রোবাসযোগে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তারা। কিছুক্ষণ পরে শুনি তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ