কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই
কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকর্মীদের তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হন সাইফুল মালিক। প্রথমে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাঁকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
৪৫ বছর বয়সী মোহাম্মদ সাইফুল মালিকের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। ১৯৮১ সালে জন্মগ্রহণ করা সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০০৫ সালে তিনি প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২০১৩ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সহকর্মীদের কাছে তিনি একজন সৎ, দায়িত্বশীল, বিনয়ী ও মৃদুভাষী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়স্বজন, সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মতামত দিন