Views Bangladesh Logo

শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: সিরাজ শুক্লা

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারওয়াত সিরাজ শুক্লা বলেন, শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার চর্চায় গুরুত্ব দিতে হবে।

কলেজ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, তাঁর প্রয়াত পিতা সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলেজটির জন্য ৭ একর জমি অনুদান দেন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় এই শিক্ষাপ্রতিষ্ঠান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। তিনি শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তারা কলেজটি দ্রুত জাতীয়করণের দাবি জানান।

অনুষ্ঠানে কলেজের দাতা সদস্য রাবেয়া সিরাজ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এছাড়া অধ্যক্ষ মো. মজিবুর রহমান, অভিভাবক প্রতিনিধি আরিফ সিদ্দিকী ও জনি রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ