Views Bangladesh Logo

ঢাবি নাটমণ্ডলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নাটমণ্ডল প্রাঙ্গণে আগামী ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এই আয়োজন করছে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলার দাবিতে আন্দোলনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অসংখ্য সংগ্রামী জনতা শহীদ হন। তাদের আত্মত্যাগ স্মরণে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি দেয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রস্তুত দেওয়াল পত্রিকা, যেখানে থাকবে কবিতা, প্রবন্ধ, স্মৃতিচারণ ও চিত্রাঙ্কন। এছাড়াও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামের তথ্যচিত্র সংযোজিত হবে।

সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে নাটক, কবিতা, গান ও নৃত্য পরিবেশিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে মমতাজউদ্দীন আহমদের নাটক ‘বিবাহ’ মঞ্চায়ন করা হবে। নাটকটির নির্দেশনা দেবেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শাহী ফারজানা তানজীম মিমি।

এছাড়াও দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হবে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে। অনুষ্ঠানে ধ্বনিত হবে একুশের অমর গান, কবিতার মাধ্যমে উঠে আসবে ভাষা আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি শৃঙ্খলা ও সৌন্দর্যের সঙ্গে সম্পন্ন হবে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শেষ হবে। তাদের মতে, এটি কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনাকে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ